

ঢাকা, ০৫ মে, এবিনিউজ : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ দলীয় সংকটকে তাদের নিজেদেরকেই দূর করতে হবে।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেলে রয়েছেন এবং লন্ডন প্রবাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নাগরিকত্ব নেই।
বিএনপির দলীয় সংকটকে জাতীয় সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে দাবি করে হাছান আরো বলেন, দেশে কোন রাজনৈতিক সংকট না থাকায় বিএনপির সঙ্গে আলোচনার কোন সুযোগ নেই।
ড. হাছান মাহমুদ আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দারের ১০৭ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক, জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরী ও আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার।
বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের রাজনীতিকে কলুষিত করেছেন। কারণ তিনি স্বাধীনতা বিরোধী ও অন্য রাজনৈতিক দলের নেতাদের ভাগিয়ে এনে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, এখনও বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন। বিএনপির মহাসচিবও তার বাইরে নয়।
এডভোকেট কামরুল ইসলাম বলেন, জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সরকারে দলটির থাকার কোন সুযোগ নেই। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদে তাদের প্রতিনিধিত্ব ছিল বলেই নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার জন্য তাদের প্রতি আহবান জানানো হয়েছিল।
তিনি বলেন, আর দুর্নীতির মামলায় বিএনপির নেত্রী কারাগারে রয়েছেন। আদালত তার সাজা স্থগিত না করলে তিনিও নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন না।
কামরুল ইসলাম আরো বলেন, বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে নাশকতা করতে চাইলে আমরাও তাদের ছেড়ে দেব না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের যে কোন অপচেষ্টা প্রতিহত করা হবে।
এবিএন/জনি/জসিম/জেডি